বারাসাতের মনুয়া কাণ্ডের ছায়া এবার অশোকনগরে
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা ঃ বারাসতের সেই মনুয়া কাণ্ডের ছায়া এবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে । প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করার অভিযোগ উঠলো স্ত্রীর বিরুদ্ধে । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । পুলিশ জানিয়েছে মৃ*তের নাম হারাধন রায় (৩৫)। তাঁর বাড়ি অশোকনগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায় । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে হারাধন রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল সবিতার। হারাধন রায় পেশায় দিনমজুর । তাঁদের তিন সন্তানও রয়েছে । সবিতা উত্তর ২৪ পরগনার বারাসাতে একটি পানশালায় নর্তকীর কাজ করেন । বেশ কিছুদিন ধরেই সবিতা বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ । বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর অশান্তি চরমে ওঠে । অশান্তি মেটাতে এলাকায় সালিশি সভাও বসে। পরে সবিতা তাঁর প্রেমিকের সঙ্গেই থাকতে শুরু করেন । অন্যদিকে শ্রমিকের কাজের জন্য তিন মাস আগে ওড়িশায় চলে যান হারাধন । পরিবারের দাবি সম্প্রতি সবিতা ফোন করে একসঙ্গে থাকবেন বলে অশোকনগরে চলে আসতে বলেন স্বামীকে । স্ত্রীর কথা শুনে এক সপ্তাহ আগে বাড়ি ফেরেন হারাধন । বারাসতে ভাড়া বাড়িতে স্ত্রীকে নিয়ে হারাধনবাবু ছিলেন । বারাসাতের ন'পাড়ায় রেলের কারশেড এলাকার রেললাইনের ধার থেকে হারাধনবাবুর মৃতদেহ উদ্ধার করে বারাসাতের রেল পুলিশ । শনিবার রাতে দেহ অশোকনগরের শিমুলতলায় পৌঁছতেই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা । ভাই এবং প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্ত্রী সবিতাই খুন করেছে হারাধনকে, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের পরিবার এবং স্থানীয়রা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ । জনরোষের মুখে পড়েন মৃ*তের স্ত্রী সবিতা এবং শ্যালক-সহ সবিতার প্রেমিককে আটক করেছে অশোকনগর থানার পুলিশ ।

Comments
Post a Comment